ডিজিটাল বাণিজ্যে পেশাদারিত্বের তাগিদ দিলেন টেলিকম মন্ত্রী

৯ নভেম্বর, ২০২১ ০১:৪৬  
সামনের দিনের বাণিজ্য বলতে তা ডিজিটাল বাণিজ্য হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।  আর  ডিজিটাল বাণিজ্যকে টেকসই করার জন্য পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় যারা ডিজিটাল বাণিজ্যে আছে তাদের প্রশিক্ষণ দিতে এই খাতের বাণিজ্য সংগঠন ই-ক্যাব এর প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন মন্ত্রী। সোমবার (৮ নভেম্বর) রাতে ঢাকায় ই-ক্যাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এই পরামর্শ দেন মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জব্বার বলেন, ‘করোনাকালে শাকসবজী থেকে কোরবানির গরু কেনা- বেচা ডিজিটাল পদ্ধতিতেই হয়েছে। করোনা পরবর্তী জীবন ধারাতেও আমাদের বাণিজ্য ডিজিটাল হতেই থাকবে। এই পরিস্থিতি বিবেচনায় যারা ডিজিটাল বাণিজ্যে আছে তাদের প্রশিক্ষণ প্রদানে ই-ক্যাবকে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখতে হবে।’ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল কমার্স  নিয়ে সাম্প্রতিক সময়ে নেতিবাচক কিছু দৃষ্টান্ত খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক উল্লেখ করে বলেন, ‘যখন কোন প্রযুক্তি আসে তখন প্রতারণায় কেউ কেউ প্রযুক্তি ব্যবহার করে। কিন্তু প্রতারণা করে বেশি দূর যাওয়া যায় না। যারা দুর্নীতি করছে তারা টিকতে পারবে না।’ হাতেগোনা কয়েক জন প্রতারকের জন্য এই সম্ভাবনাময় ক্ষেত্রটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই ব্যাপারে প্রণীত সরকারি নীতমালা অনুসরণে ই-ক্যাব সদস্যদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেন্দ্রীয় মনিটরিং সেল ও কমপ্লেন সেলের কার্যক্রম জোরদার করে সামনে এগিয়ে যেতে হবে।’ মোস্তফা জব্বার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি পথবেয়ে প্রচলিত বাণিজ্যকে ডিজিটাল বাণিজ্যে  রূপান্তরের যে যাত্রা শুরু হয়েছে তা এগিয়ে নিতে সরকার সম্ভাব্য সব কিছু করতে বদ্ধপরিকর।’ ২০২১ সালে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিচিতি পেয়েছে উল্লেখ করে ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রনায়ক মোস্তাফা জব্বার বলেন, ‘ফাইভ-জি প্রযুক্তি চালু, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ উৎক্ষেপণ এবং তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনে ২০১৮ সালের  নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেছে। ডিসেম্বরেই আমরা পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু করতে যাচ্ছি। তৃতীয় সাবমেরিন সংযোগ ও মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩ উৎক্ষেপণ বাস্তবায়ন কাজ শুরু হয়েছে।’ অনুষ্ঠানে ই-ক্যাব সভাপতি শমি কায়সার ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালের সঞ্চালনায় অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ই-ক্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।